পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ এপ্রিল: জয় শ্রীরাম স্লোগান ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুরের রাঘবপুর এলাকা। দুই পক্ষের মারামারিতে মাথা ফেটে যায় তৃণমূল অঞ্চল সভাপতি সহ দুই কর্মীর। অপরদিকে পাল্টা তৃণমূল কর্মীদের হামলায় ভাঙ্গচুর করা হয়েছে বিজেপি কর্মীর বাড়ি বলে অভিযোগ। রেয়াত করা হয়নি বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকেও। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্তিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে রাঘবপুর এলাকায় রাস্তায় একটি গাড়ির চাকা গর্তে পড়ে যায়। তারপর গাড়িটিকে উদ্ধার করতে সেখানে আসেন তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী সমর্থকরা। সেখানেই বিজেপির এক কর্মী জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন বলে অভিযোগ। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় তৃণমূলের ৬ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি কল্যাণ দাস সহ আরও তিন জনকে মারধর করা হয়। ঘটনায় মাথা ফেটে যায় কল্যাণ দাসের। যদিও পাল্টা বিজেপির অভিযোগ, কল্যাণ দাস লোকজন নিয়ে এসে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করেন। বিশেষ সম্প্রদায়ের লোকজনরা বৃদ্ধ বৃদ্ধাকেও ছাড়েনি। পুরো ঘটনা নিয়ে তৃণমূলের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, রাজ্যে তাদের হেভিওয়েট নেতৃত্বরা গ্রেপ্তার হওয়ার পরেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা হচ্ছিল। সুযোগ বুঝে তাদের অঞ্চল সভাপতি সহ তিন কর্মীকে মারধর করা হয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কল্যাণ দাস বলেন, তিনি চান এই অন্যায়ের সঠিক বিচার করুক পুলিশ প্রশাসন।
বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূল বিশেষ সম্প্রদায়ের লোকজনকে উস্কিয়ে তাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করিয়েছে। মারধর করা হয়েছে বয়স্ক মানুষদেরও। পুলিশ প্রশাসন নিরপেক্ষ বিচার করুক সেই দাবি তিনি জানিয়েছেন।

