আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৮ মে: করোনা আক্রান্ত এক রোগীকে রাস্তার উপর ফেলে চম্পট দেওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলান্সের চালকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগর মোড়ের কাছে। দীর্ঘক্ষণ সেখানে ঐ রোগী পড়ে থাকার পর ডায়মন্ড হারবার থানার পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে একটি অ্যাম্বুলান্সে করে চাঁদনগর মোড়ে করোনা আক্রান্ত ঐ রোগীকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অ্যাম্বুলান্সটি। এরপরে দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকে ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ রাস্তার পাশে বসে কষ্ট পাচ্ছিলেন তিনি। এলাকার মানুষজন তাঁকে খাবার দিতে গেলে তিনি বারণ করেন। জানান যে তিনি করোনা আক্রান্ত। এরপরেই স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে দীর্ঘক্ষণ বাদে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঐ করোনা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠায়। করোনা আক্রান্ত ঐ রোগী ফলতার বেলসিংহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

