সাগর পাড়াতে ইটভাটার জমা জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ মে: রানিতলার পর এবার সাগরপাড়া। ইটভাটার জমা জলে ডুবে ফের মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার বিকেলে সাগরপাড়ার সীতানগর গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুই শিশুর নাম মুরসালিন সেখ(৮) এবং নিলুফা খাতুন(৭)।

মামার বাড়ি ঘুরতে এসেছিল ছোট্ট মুরসালিন। গ্রামবাসীদের অনুমান, খেলতে খেলতে দুই শিশু ইটভাটার কাছে চলে যায় এবং কোনও ভাবে খাদে পড়ে যায়। এক শিশুকে জলে ভাসতে দেখেন গ্রামের মানুষ। তড়িঘড়ি জলে নেমে পড়েন গ্রামবাসীরা। জল থেকে উদ্ধার হয় দুই শিশুর মরদেহ।

এর আগে ১২ মে ভগবানগোলার রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর এলাকায় ইটভাটার পাশের গর্তের জমা জলে ডুবে প্রাণ হারায় সাদিকুল শেখ (৮), আশা খাতুন (৮), রহিদ শেখ (৬)।

সাতদিনের মধ্যে পরপর দুইবার ঘটল এই রকম দুর্ঘটনা। গ্রামবাসীদের অনুমান, ইটভাটার সংখ্যা বাড়তে বাড়তে গ্রামের কাছে চলে আসা এবং ইটভাটাগুলি অরক্ষিত থাকার কারণেই এই রকম ঘটনা বারবার ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *