নারদ কান্ডের পর চলতি মাসেই কয়লা পাচার কান্ডের চার্জশিট দাখিল করতে পারে সিবিআই

আমাদের ভারত, ১৮ মে: নারদ কান্ডের পর কয়লা পাচারকান্ডের চার্জশিট চলতি মাসেই দিতে পারি সিবিআই। সূত্রের খবর, অভিযুক্ত ব্যবসায়ী ও পুলিশ কর্তাকে জেরা করার পর এই মামলায় চার্জশিট জমা দেওয়ার চূড়ান্ত কাজ গোছাচ্ছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা।

আগেই শোনা গিয়েছিল কয়লাকাণ্ডে মে–জুন মাসেই চার্জশিট পেশ করতে পারে সিবিআই। সোমবার নারদ কান্ডে রাজ্যের দুই মন্ত্রী এক বিধায়ক ও প্রাক্তন কলকাতার মেয়র গ্রেপ্তার হওয়ার পর কয়লা কাণ্ড নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে।

সিবিআইয়ের একটি সূত্রের খবর, পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা, তৃণমূলের যুবনেতা বিনয় মিশ্র সহ অন্তত এক ডজন নাম থাকতে পারে এই প্রথম জমা দেওয়া চার্জশিটে। যদিও এই ধরণের বড় কেলেঙ্কারির তদন্তে একটি চার্জশিট শেষ কথা নয়। প্রাথমিকভাবে একটি চার্জশিট পেশ করার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলে। ফলে প্রাথমিক চার্জশিট পেশ করার পরেও একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রেও তেমন হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে সূত্রে খবর, প্রথম দফার চার্জশিটের লালা বিনয়দের নাম থাকার সম্ভাবনাই বেশি। সিবিআই দায়ের করা প্রথম এফআইআর-এ বলা হয়েছিল লালা ছিল বেআইনি পাচার চক্রের মূল পান্ডা। তাকে এক্ষেত্রে মদত করত সরকারি কিছু আমলা ও প্রভাবশালীরা। এফআইআর দায়েরের পর প্রভাবশালীদের খোঁজ শুরু হয়। প্রথমে বিনয় মিশ্র বাড়িতে তল্লাশি চালিয়ে তারপর রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালী লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *