রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: নিজে মুখ্যমন্ত্রী হয়েও ভোট মেশিনারির কবলে পড়ে নন্দীগ্রামে পরাজয়ের স্বাদ আস্বাদন করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে চ্যালেঞ্জ ছিল করোনা দ্রুত নিয়ন্ত্রণে এনে রাজ্যে উপনির্বাচন ঘোষণা করানো। সেইমত শনিবারই ঘোষণা হয়েছে রাজ্যের তিন আসনে উপনির্বাচন। এবার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। একই সঙ্গে ঘোষণা করা হল পূর্ণাঙ্গ ভোটের প্রার্থীদের নাম।
ভবানীপুরে ঘাসফুলের প্রতীকে লড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক ভাবে দলের তরফে ঘোষণা করা হল রবিবার। অন্যদিকে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক জাকির হোসেন। সামসেরগঞ্জে তৃণমূলের মুখ আমিরুল ইসলাম।
শনিবারই নির্বাচন কমিশন উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেবল মাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচন আপাতত স্থগিতই থাকছে।
