রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: করালে করানো হোক রাজ্যে মোট ৫ কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু শুধুমাত্র ভবানীপুরেই কেন ভোটের দিণক্ষণ ঘোষণা করা হয়েছে? এই প্রশ্ন তুলেই এবার আইনি লড়াইয়ের পথে নামার ভাবনা বঙ্গ বিজেপির। সূত্রের খবর, ইতিমধ্যেই মোদী-শাহের আইনজীবীর সঙ্গে শলা-পরামর্শ করার কথা ভাবা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কাছে বিপুল ভোটে পরাজিত হলেও নন্দীগ্রামে মমতার অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিয়মের যাঁতাকলে এখন উপনির্বাচনের ফাঁক দিয়ে বেরতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বেরনোর পথ যাতে মোটেও সহজ না হয়, তার জন্য এবার হোম ওয়ার্ক শুরু বিজেপির।
উপনির্বাচনের বিরোধিতায় কখনও লোকাল ট্রেন বন্ধের অজুহাত তো কখনও স্কুল বন্ধের অজুহাত খাড়া করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে। যদিও শনিবার সকালে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু বিজেপি যে ফের বিরোধিতা করবে তার আভাস মিলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেই। এবার সূত্র মারফত জানা গেল, দলের আইনজীবী-সাংসদ মহেশ জেঠমালানিকে সামনে রেখে আইনি লড়াইয়ে নামতে পারে দল।
প্রসঙ্গত, গুজরাত দাঙ্গার মতো একাধিক মামলায় সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদী ও অমিত শাহের আইনজীবী ছিলেন মহেশ। পরে তাঁকে রাজ্যসভায় মনোনীত করে বিজেপি। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরে উপনির্বাচন আটকাতে এবারও তিনিই লড়বেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।

