জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: নারদা মামলায় তৃণমূলের শীর্ষ দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেপ্তার করার প্রতিবাদে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিভিন্ন ব্লকে সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা। মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জে সিবিআইয়ের এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভরত অবরোধকারী কর্মী-সমর্থকরা এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন।

