তিন মহিলাকে পিষে দিল লরি, প্রতিবাদে বিক্ষোভ শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই: পথচারী তিন মহিলাকে পিষে দিল লরি। এই মর্মান্তিক ঘটনায় শান্তিপুর থেকে কালনা যাওয়ার প্রধান রাস্তা ঘিরে বিক্ষোভ।

শান্তিপুর শহরের শেষ প্রান্ত ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কালনা ঘাট রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত স্থানীয় এক মহিলা। গুরুতর জখম আরো দুই মহিলা। জানা গেছে, কালনা রোডে মুন্সিরপুর এলাকায় সকাল ছটা নাগাদ, শান্তিপুরের দিক থেকে আসা কালনাগামী একটি লরি হঠাৎ পথের পাশে ডানদিক থেকে প্রচন্ড গতিতে, একের পর এক ধাক্কা মারে স্থানীয় সরস্বতী সর্দার, সুদীপা মন্ডল এবং হারানি মন্ডলকে। এর মধ্যে সুদীপা মন্ডল ছিলেন অন্তঃসত্ত্বা, তিনি গভীর খাদে পড়ে যান। সরস্বতী সর্দারের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যদিকে হারানি মন্ডলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকায় দীর্ঘক্ষণ ধরে কালনা যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে দেয় এলাকার মামুষ।এলাকাবাসীর দাবি স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবিলম্বে ঘাতক ঐ লরিটিকে আটকাতে হবে এবং মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।

এ বিষয়ে শান্তিপুর থানার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কেসের মাধ্যমে যতটুকু করার ততটুকু তো করবোই, এছাড়াও মৃত ও আহতদের পরিবারের তরফ থেকে যদি কোনও সাহায্যের আবেদন করা হয় তাহলেও আমরা তাদের আমাদের মতন সাহায্য করার চেষ্টা করব। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *