আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ নভেম্বর:
উত্তর ২৪ পরগণার হাবড়া পৌরসভার ৭, ৮ ও ১৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলমগ্ন। বৃষ্টি কমে গেছে অনেকদিন হল। পরপর দুটি উৎসবও শেষ হয়ে গেছে, কিন্তু এখনও জলমগ্ন এই কয়েকটি ওয়ার্ড। হাবড়ার বিধায়ক তথা বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে সেখানকার পরিবারগুলি। এই এলাকা থেকে জল কবে যাবে সেদিকে তাকিয়ে আছে ওই এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে হাবড়ার পৌর প্রশাসক নারায়ণ সাহা জানান, বেশিরভাগ জায়গা থেকেই জল বের করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও যেখানে জল রয়েছে সেগুলো সব নিচু জায়গা। তাও পাম্পের সাহায্যে জল বের করার কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ জল বের করা সম্ভব হবে।

