জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: প্রতিবছরই রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষক দিবসে রাজ্যের সমস্ত জেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে থাকে। এবার কোভিড পরিস্থিতির জন্য বিকাশ ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত জেলার ৬১ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এবছর পশ্চিম মেদিনীপুর জেলার তিনজন শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় স্তরে পুরস্কার পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ অজয় কুমার মিশ্র, মাধ্যমিক স্তরে মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ডঃ বিবেকানন্দ মুখার্জি এবং প্রাথমিক বিদ্যালয় স্তরে দাঁতনের দোয়াস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাস প্রধান। তাদের হাতে শিক্ষা সম্মান পুরস্কার তুলে দেন জেলাশাসক রেশমি কমল।

