প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ভিডিও ভাইরাল ইসলামপুরে, “গোষ্ঠী দ্বন্দ্বের ফল” বললেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ সেপ্টেম্বর: দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালানোর ভিডিও ভাইরাল ইসলামপুরে। দুষ্কৃতীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায়। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান।

এলাকার দখল নিজেদের হাতে রাখতে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ লেগে ছিল। রবিবার দুই পক্ষের সংঘর্ষের পরে বিকেলের দিকে একটা ভিডিও ভাইরাল হয়। যেই ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় যুবকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দিনের বেলায় গুলি চালাচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুর মহাকুমা জুড়ে।


গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রহিসউদ্দিন জানান, এমন একটা ঘটনার খবর পেয়েছি একটি ভিডিও দেখেছি। এই ভদ্রকালী এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে প্রকাশ্যে গুলি চালিয়েছে কিছু যুবক। আমি ইসলামপুর পুলিশ জেলার এসপি সাহেবকে জানিয়েছি।

অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান, ভিডিওটি তারা পেয়েছেন, এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি, গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *