জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া এলাকার বামুনডাঙ্গা থেকে রবিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃত যুবকের নাম মোসাম্মৎ খান, বয়স ৩৫ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ওই ব্যক্তি শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল। ফলে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সকালে বামনডাঙ্গার একটি জলাশয়ের ধার থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

