একই রাতে পর পর দুটি পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, দুই লেন রাস্তার দাবিতে বিক্ষোভ গঙ্গাজলঘাঁটিতে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ মে: একই রাতে পর পর দুটি পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গঙ্গাজলঘাঁটিতে।ব্যস্ততম এই শিল্পাঞ্চলে দুই লেন রাস্তার দাবিতে স্হানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

সোমবার সন্ধ্যার পর ও গভীর রাতে দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ১ জন। ২ টি দুর্ঘটনাই ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি থানা এলাকায়।

প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরের ভদরা মোড়ের একটি পেট্রোল পাম্পের কাছে। দ্বিতীয়টি ঘটে গঙ্গাজলঘাঁটি- শালতোড়া রাস্তার বেলডাঙার কাছে। প্রথম ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় মৃত্যু হয়েছে মা ও ছেলের। গুরুতরভাবে জখম হয়েছেন স্বামী। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অর্চনা মহন্ত (৩৮) ও তার দেড় বছরের শিশুপুত্র শুভম। জখম স্বামীর নাম সঞ্জয় মহন্ত। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদের বাড়ি স্থানীয় ডুমুরিয়া গ্রামে। জানাগেছে, সঞ্জয় মহন্ত তার শিশুপুত্রকে বড়জোড়ার এক শিশু চিকিৎসকের কাছে দেখিয়ে বাইকে করে ফিরছিলেন। বাইকের পিছনে তার স্ত্রী অর্চনা শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন। ভদরা মোড়ের পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি লম্বা ট্রেলারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এসে জখম ৩ জনকেই অমরকানন হাসপাতালে নিয়ে যান। সেখানে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সঞ্জয়ের প্রতিবেশী মানব মন্ডল বলেন, গত ৩ বছর আগে সঞ্জয়ের বড়দা সাঁতরাগাছির কাছে রেল দুর্ঘটনায় মারা যান। বাড়িতে বৃদ্ধ বাবা-মায়ের সম্বল বলতে তিনিই ছিলেন একমাত্র ভরসা। তার ২ টি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ছোটটির বয়স ১০ বছর। কোনো রকমে ঠিকা সংস্থায় মজুর যোগান দিয়ে দু’পয়সা রোজগার  করে সংসার চালাতেন সঞ্জয়। তার অবস্থা ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। কলকাতার কোনো বড় হাসপাতাল নিয়ে যাবার মতও অবস্থা নেই।

এদিকে শিল্পাঞ্চলের এই শিল্প করিডোরটি অত্যন্ত দুর্ঘটনা প্রবন। প্রতি মুহূর্তে গাড়ি চলাচল করে। ব্যস্ত রাস্তা হওয়ায় দুর্ঘটনা এখানে নিত্যদিনের সঙ্গী। তাই শিল্পাঞ্চলের বাসিন্দারা দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরটিকে ২ লেনের করার দাবিতে সোচ্চার হয়েছেন। এ নিয়ে তারা বার বার আন্দোলন করছেন। দুর্ঘটনা ঘটলেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এবারও তাদের বিক্ষোভ ছিল আগের মতই। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এ বিষয়ে গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জীতেন গরাই বলেন, অভিযোগ বর্ণে বর্ণে সত্যি। মেজিয়া বড়জোড়া শিল্পাঞ্চলের অত্যন্ত ব্যস্ততম সড়ক পথ এটি। দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে জেলা পরিষদ ও জেলা পূর্ত দপ্তরের কাছে চিঠি দিয়ে আবেদন জানাব যাতে এই সড়ক পথটি ডবল লেনের করা হয়।

অন্যদিকে এদিনই গভীর রাতে গঙ্গাজলঘাঁটি-শালতোড়া রাস্তার বেলডাঙার কাছে একটি কালভার্টে ছাই বোঝাই ডাম্পার উল্টে গেলে এক খালাসির মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম পিন্টু লোহার (২৩)। গঙ্গাজলঘাঁটি থানার তড়কাবাইদ গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *