আমাদের ভারত, ১৭ মে: এবার মথুরার শাহি ইদগাহ মসজিদও সিল করার দাবিতে মামলা দায়ের হলো এলাহাবাদ আদালতে। মঙ্গলবার হিন্দুত্ববাদীদের তরফের মথুরা আদালতে এই আবেদন জানানো হয়েছে। সোমবার বারানসির জ্ঞানবাপী মসজিদের পর মথুরার শাহি ইদগাহ মসজিদ সিল করার দাবি জানানো হলো আদালতে। হিন্দুত্ববাদীরা দাবি করেছেন, জ্ঞানবাপী মসজিদের মতো শাহি ইদগাহতেও রয়েছে মন্দির থাকার প্রমাণ। সেই প্রমাণ গুলি যাতে কোনো ভাবে নষ্ট না করা হয় তার জন্য ওই এলাকা সিল করার আবেদন জানিয়েছেন মামলাকারীরা।
জ্ঞানবাপীর মতো মথুরার শাহি ইদগাহ মসজিদেও সমীক্ষা এবং ভিডিওগ্রাফির দাবিতে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এলাহাবাদ কোর্টে। সেই মামলার রায় ঘোষণার আগেই ইদগাহ থেকে হিন্দুত্ব তথা মন্দির থাকার প্রমাণ নষ্ট করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে মসজিদ সিল করার আবেদন জানানো হয়েছে আদালতে।
আবেদনকারী পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং বলেন, “কাশীরের জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা এবং ভিডিওগ্রাফি প্রাথমিক রিপোর্ট দেখার পর, সোমবার আদালত মা শৃঙ্গার গৌরীস্থল সিল করার নির্দেশ দিয়েছে। সেখানে প্রাচীন শিবলিঙ্গের সন্ধান মিলেছে। আমাদের আশঙ্কা মথুরার শাহি ইদগাহ থেকে এবার এমন ঐতিহাসিক প্রমাণগুলি নষ্ট করে ফেলার চেষ্টা হবে।”
এই পরিস্থিতিতে ইদগাহ চত্বর সিল করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। মথুরা আদালত সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে, আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। মথুরার প্রাচীন কাটরা স্তুপ যা কাটরা কেশব দাস নামে পরিচিত, সেই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদীদের দাবি, ইদগাহের ওই জমিতে ভগবান কৃষ্ণের গর্ভগৃহ ছিল, প্রাচীন কেশব দাস মন্দির। কাশির আসল বিশ্বনাথ মন্দিরের মতই মথুরার মন্দিরটিও ধ্বংস করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সেখানেও তিনি জ্ঞানবাপীর মতো শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন।

