সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মে: প্রায় সাড়ে তিন বিঘা জমির ধানের গাদায় আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, এমনই অভিযোগ এক কৃষকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর তেঁতুলতলা এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনার বর্ণনা দিয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কৃষক দিলীপ বন্দ্যোপাধ্যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, ৬৫ বছর বয়সী কৃষক দিলীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার সারা দিন ধরে মাঠের থেকে ধান বাড়িতে গাদা দিয়ে রেখেছিলেন। সেই ধান মঙ্গলবার সকাল থেকে ঝাড়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতে কিছু দুষ্কৃতী তাঁর সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দেয়। দিলীপ বাবুর ভাই প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবছর তারা প্রায় সাড়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে তিন বিঘা জমির ধান বাড়িতে এনে গাদা দিয়েছিলেন। আজ ভোর রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় এবং ঘরের বাইরে বেরিয়ে দেখেন ধানের গাদায় আগুন জ্বলছে। তড়িঘড়ি নিজেরাই বাড়ির মটর দিয়ে আগুন নেভাতে শুরু করেন। তিনি বলেন, এই ধানই তাদের সারা বছরের খাবার জন্য ছিল। আগুনে বেশির ভাগ ধান নষ্ট হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ। ঘটনার নিন্দা জানিয়ে তিনি ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

