নেশায় আসক্ত যুবকের চপারের আঘাতে শ্যামনগরের রাহুতায় জখম তিন

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ নভেম্বর: নেশায় আসক্ত যুবকের চপারের এলোপাথাড়ি আঘাতে তিন যুবক জখম হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল জগদ্দল থানার শ্যামনগরের রাহুতা পোড়া কালিতলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পলাশ কর্মকার, সৌরভ মন্ডল ও দেবব্রত ঘোষ নামে তিন যুবক অন্যান্য দিনের মতো রাতের খাওয়া শেষ করে পাড়ায় আড্ডা মারছিল। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় আচমকা হানা দেয় মদ্যপ সুরজিৎ সরকার। প্রথমে অভিযুক্ত মদ্যপ যুবক সুরজিৎ সরকার সৌরভকে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে। তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ। কাঠ দিয়ে মারার পর অভিযুক্ত যুবক চপার দিয়ে ওই দুজনকে এলোপাথারি আঘাত করতে থাকে। তাকে ঠেকাতে গিয়ে আক্রান্ত হন দেবব্রত ঘোষ। এরপর স্থানীয় বাসিন্দারা গন্ডগোলের আওয়াজ পেয়ে ছুটে গেলে অভিযুক্ত যুবক চম্পট দেয়। তখন স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত তিন যুবককে উদ্ধার করে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। এরপর আক্রান্ত যুবকেরা রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা জানার পর তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

তবে এই ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মদ্যপ যুবক সুরজিৎ। আক্রান্ত যুবকদের এই সম্পর্কে বক্তব্য, “আমরা কিছুই বুঝতে পারছি না যে এটা কেন হল। তবে অভিযুক্ত সুরজিৎ নেশা করে আর মাঝে মধ্যেই এরকম মারধর করে। আজ আমরা বসে গল্প করছিলাম তখন এই ঘটনা ঘটিয়েছে। সুরজিতের মাকে কিছুদিন আগে কেউ আক্রমন করেছিল। আর সেই নিয়ে ওর ধারণা হয়েছে যে আমরা ওঁনাকে মেরেছি। কিন্তু সেরকম কোনও ঘটনা আমরা ঘটাইনি।” পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *