জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আন্তরাষ্ট্রীয় সোনা চোরাচালানের অভিযোগে পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শুল্ক বিভাগ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক বিভাগের কেন্দ্রীয় অফিস কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ দাসপুর থানার সাগরপুর বাজারে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এম. কে. টোনস ও মা কালী টোনস নামে তিনটি সোনার দোকানে শুল্ক বিভাগের আধিকারিকরা তল্লাশি চালান। দোকান গুলি থেকে বেশকিছু সোনার বিস্কুট ও বাটখারা উদ্ধার করেন তারা। এরপরে তিনটি সোনার দোকানের মালিক মালিক বুবাই আদক, গণেশ মোড়ে এবং আকাশ মোড়েকে আধিকারিকরা টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এই সোনা কী ভাবে তাঁদের কাছে এল, তার লেনদেন সংক্রান্ত কাগজপত্র কোথায়? এসবের কোনও সদুত্তর দিতে পারেননি ওই তিন ব্যবসায়ী। ফলে তিনজনকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কলকাতায়।
সাগরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখেন্দু শেখর দাস জানান, কাস্টমসের কাছে নেপাল থেকে দাসপুরের সাগরপুর বাজারে বেআইনিভাবে সোনা এনে ব্যবসা চালানোর খবর ছিল। সেই খবর পেয়েই দাসপুর থানার সাগরপুর বাজারের সোনার দোকানগুলিতে অভিযান চালান কাস্টমস অফিসাররা। জানাগেছে, শুল্ক দফতরের আধিকারিকদের ফাঁকি দিয়ে কখনও সড়ক পথে কখনও বিমানে এই সোনা নিয়ে আসা হয়। বেশ কিছুদিন ধরেই দাসপুরের সাগরপুরের ওপর নজর রাখছিলেন তাঁরা। সূত্র মারফৎ তথ্য সংগ্ৰহ করার পর নিশ্চিত হয়েই এই অপারেশন চালান। তিনটি দোকানই সিল করে দিয়েছে দপ্তরের আধিকারিকরা।

