আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর : ময়না বিধানসভার বাকচা অঞ্চলের চাঁন্দিবেনিয়া গ্রামের এক নম্বর প্রাথমিক স্কুলের পুলিশ ক্যাম্পের কাছে সংহতি ক্লাব থেকে ৩ ড্রাম ভর্তি বোমা পাওয়া গেল। বিজেপির অভিযোগ, ওই ক্লাবে কিছুদিন আগে তৃণমূলের ক্যাম্প ছিল এবং ওখানে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশি ঘেরাটোপ এরমধ্যে থাকত। সেই ক্লাব থেকে তিন ড্রাম বোমা পাওয়া গেছে।
এলাকায় মিনি ঢালাই বলের প্রতিযোগিতা চলছিল। কিছু দর্শক ঐ ক্লাবে বিশ্রাম নিতে গিয়ে তৃণমূলের রেখে যাওয়া ঐ বোমগুলি দেখে ফেলে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ। বোমা ভর্তি ড্রাম পুলিশ উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে গিয়েছে।
বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাকচাতে ফের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এটি তারই নমুনা। এই বোমাগুলি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সাধারণ মানুষের ওপর চার্জ করে অশান্তি তৈরির পরিকল্পনা ছিল বলে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল দাবি করেন।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক ময়নার এই বোমা উদ্ধার ঘটনা সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে। তিনি আরো জানান, ময়নাকে অশান্ত করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বোমা মজুদ করে এলাকা অশান্ত করার চেষ্টা করছে।
অন্যদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মন্ডল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বাকচা অঞ্চল দীর্ঘদিন বিজেপির দখলে। তৃণমূল দীর্ঘদিন ওখানে যেতে পর্যন্ত পারে না। বিজেপি ওখানে এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য বোমা মজুদ করেছিল করছিল। সাধারণ মানুষ তা ধরে ফেলায় এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচতে চাইছে। পুলিশ ঘটনার তদন্ত করে সঠিক তথ্য বের করুক এবং আইনমাফিক দোষীদের গ্রেপ্তার করুক।

