সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর:
“পুরুলিয়া ২ ব্লকে বিরোধীদের দখলে থাকবে না আর কোনও গ্রাম পঞ্চায়েত।” কার্যত এই ভাবেই হুঁশিয়ারি দিয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। আজ বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল পুরুলিয়া ২ ব্লকের ১৬০ টি পরিবার। পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া অঞ্চল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
সভা শেষে তিনি বলেন, ৭ টি পঞ্চায়েতে র মধ্যে ৬ টি তৃণমূলের দখলে রয়েছে। আর কয়েকদিন পর বাকি ভাংড়া পঞ্চায়েত বিজেপির থেকে ক্ষমতা তৃণমূল নেবে।
পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া, জয়নগর ছাড়াও সিদপুর সহ পাশাপাশি এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁরা জানান, নিজেদের দলের প্রতি আস্থা ভরসা হারিয়েই দল বদল করলেন। এছাড়া সার্বিক উন্নয়নের জোয়ারে গা ভাসাতেই এই সিদ্ধান্ত নেন দলত্যাগীরা। এদিন ওই অনুষ্ঠানের আগে সদ্য দায়িত্ব পাওয়া জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, সভাপতি সৌমেন বেলথরিয়া, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার ও জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বিশেষ আধিকারিক দিব্যজ্যোতি প্রসাদ সিং দেওকে সংবর্ধনা জানানো হয় পুরুলিয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

