অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর:
ঝাড়গ্রাম শহরে বাণিজ্য বিভাগের পড়াশোনার জন্য কেবলমাত্র একটি বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়ে কেবল মাত্র ছেলেরাই পড়াশোনা করতে পারবে বাণিজ্য বিভাগে। কিন্তু ছাত্রীদের জন্য ঝাড়গ্রাম শহরে কোনও বিদ্যালয়ে বাণিজ্য বিভাগ চালু নেই, যার ফলে ইচ্ছা থাকলেও অনেক ছাত্রী বাণিজ্য বিভাগে পড়তে পারছে না।
ঝাড়গ্রাম কুমুদ কুমারি ইনস্টিটিউশনের টিচার ইনচার্জ নিরঞ্জন মান্না বলেন তাদের বিদ্যালয় বাণিজ্য বিভাগ রয়েছে, তবে কেবল মাত্র ছেলেদের জন্য। ঝাড়গ্রাম শহরে অনেক বিদ্যালয় আছে যেখানে ছাত্রীদের জন্য বাণিজ্য বিভাগ চালু করা প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত ঝাড়গ্রাম শহরের কোনও বিদ্যালয়ে ছাত্রীদের জন্য বাণিজ্য বিভাগে পড়াশোনার কোনো ব্যবস্থা করা হয়নি। বাণিজ্য বিভাগে পড়ার ইচ্ছা থাকলেও বহু ছাত্রী বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে পারছে না। তিনি বলেন, এর ফলে বাণিজ্য বিভাগে পড়ার ক্ষেত্রে ছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়ছে।
ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেব নারায়ণ রায় বলেন ঝাড়গ্রাম রাজ কলেজে বাণিজ্য বিভাগের অনার্স এ ৫৪ টি সিট রয়েছে এবং সাধারণ বিভাগে ৩০ টি আসন রয়েছে, কিন্তু অনেকাংশ শূন্য থেকেই যায়। কারণ ঝাড়গ্রাম শহরের ছাত্রীদের পড়ার জন্য বাণিজ্য বিভাগ কোন বিদ্যালয়ে চালু হয়নি। গোটা ঝাড়গ্রাম জেলায় মাত্র তিনটি বিদ্যালয়ে একাদশ, দ্বাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগ চালু রয়েছে। ঝাড়গ্রাম শহরের রয়েছে কেবল কুমুদ কুমারি ইন্সটিটিউশন। মানিকপাড়াতে ছেলে মেয়ে উভয়েই পড়তে পারে, কিন্তু ঝাড়গ্রাম শহর থেকে মেয়েরা মানিকপাড়া গিয়ে বাণিজ্য বিভাগে পড়তে পারছে না। এছাড়াও গোপীবল্লভপুর ব্লকের একটি বিদ্যালয়ে বাণিজ্য বিভাগ রয়েছে। তাই ঝাড়গ্রাম শহরের বেশকিছু অভিভাবক মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন বিদ্যালয়ে বাণিজ্য বিভাগ চালু করার পক্ষে মত দিয়েছেন। তা না হলে ছাত্রীরা বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে পারছে না বলে অভিভাবকরা জানান।

