আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: তমলুক শহরের বর্জ্য ফেলার জায়গা নিয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর কর্তৃপক্ষের। দিনদিন বর্জ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকা দূষিত হচ্ছে এবং রাখার জায়গার সমস্যা হচ্ছে। আর এই সমস্যার সমাধানে পরিকল্পনা গ্রহণ করেছে তাম্রলিপ্ত পৌর কর্তৃপক্ষ।
তাম্রলিপ্ত পৌরসভা একটি বেসরকারি সংস্থার সাহায্যে এবং রাজ্য সরকারের সহযোগিতায় তমলুক শহরের বর্জ্য পদার্থ থেকে সার অন্যান্য জিনিস তৈরীর পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা মাফিক এই মাসের শেষের দিকে কাজ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। এই কারনেই তামলুক পৌরসভায় আজ সকালবেলা আসেন একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি দল। তারা প্রথমেই তাম্রলিপ্ত পৌরসভায় পৌর কর্মী এবং মুখ্য পৌর প্রশাসক সহ অন্যান্য পৌর প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। তারপর তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান।

এই বেসরকারি সংস্থার প্রতিনিধি সোনিয়া নন্দী জানান, তমলুক পৌরসভার বর্জ্য থেকে সার তৈরি প্রকল্প এখানেই হবে এবং সম্ভবত এ মাসের ২১ তারিখ নাগাদ এই কাজ শুরু হয়ে যাবে। তিনি আরো জানান, সাধারণ মানুষসহ সমস্ত সংস্থাকে পচনশীল এবং অপচনশীল এই দুই ধরনের বর্জ্য আলাদাভাবে রাখার ব্যাপারে সচেতন করতে হবে। পৌরসভা কর্তৃপক্ষকে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে। পৌরসভার মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, এই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রকল্প চালু হলে এলাকার দূষণ কমবে এবং এর থেকে তৈরি সার এবং অন্যান্য জিনিস মানুষের কাজে লাগবে এবং আগামী দিনে বর্জ্য রাখার জায়গার সমস্যা মিটবে।

