সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর: তিলে তিলে জমানো সঞ্চয় রেখেছিলেন ব্যাংকে। কেউ জমি বিক্রির টাকা কেউবা মেয়ের বিয়ের জন্য। পেশায় দিনমজুর এই মানুষগুলো স্বপ্ন দেখেছিল সুন্দর ভবিষ্যতের। কিন্তু বিধিবাম, ব্যাঙ্ক পড়ে রয়েছে বন্ধ হয়ে। তাহলে জমানো অর্থের কি হবে? তার সদুত্তর আজও মেলেনি।
পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের তালাজুড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কটি দেড় বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অথচ, কোনও ভ্রুক্ষেপ নেই উচ্চপদস্থ আধিকারিকদের। সমস্যায় জেরবার ব্যাঙ্ক গ্রাহকরা। পুরুলিয়া হেড অফিস, কাশিপুর ব্লক, জেলাশাসক থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক সকলের দ্বারস্থ হয়েছেন এই অসহায় মানুষগুলো। সেখান থেকে আশ্বাস মিললেও এখনও খোলেনি ব্যাঙ্কের তালা। এখন কী করবেন, জমানো অর্থই বা কীকরে হাতে পাবেন? তার কোনও কিনারা নেই ব্যাঙ্ক গ্রাহকদের কাছে।

নিরাশ গ্রাহক তরুণ দেওঘরিয়া , বেচি বাউরী, বরুণ দেওঘরিয়া বলেন, “প্রয়োজনে টাকা তুলতে পারছি না। অনির্দিষ্ট কালের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকায় ভালো কিছুই ভাবতে পারছি না। আমরা যে কোনও প্রকারে ব্যাঙ্ক সচল দেখতে চাই।”
ঘটনাটি জানার পর বিষয়টি নিয়ে বিভাগীয় স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন, পুরুলিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নব নিযুক্ত স্পেশাল অফিসার দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও।

