আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনের অদূরে ৪১ নং জাতীয় সড়কের নন্দকুমার থানার নারকেলদাতে মেশিন ভ্যান উল্টে মৃত ভ্যান চালক। দুর্ঘটনায় আহত আরো ১জনের চিকিৎসা চলছে তমলুক জেলা হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১ টা নাগাদ। লোহার পাত বোঝাই একটি মেশিন ভ্যান নিমতৌড়ি থেকে নন্দকুমার এর দিকে যাচ্ছিল, এই সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিন ভ্যানটি উল্টে যায়। ভ্যানের তলায় চাপা পড়ে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১ জন আহত হয়েছে। তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ভ্যান চালকের নাম সঞ্জিত ঘোড়ই। বয়স আনুমানিক ২৩ বছর। মৃত চালকের দেহ রাস্তা থেকে তুলে ময়নাতদন্তের জন্য নন্দকুমার থানার পুলিশ তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং উল্টো যাওয়া ভ্যানটি উদ্ধার করে নন্দকুমার থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটি সরিয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

