ধর্ম বদলে মুসলিম হলে বাড়ি ফিরতে পারবে, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া পরিবারকে হুমকি তৃণমূল নেতাদের, পাশে দাঁড়ালেন দেবদত্ত মাজি

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসার কারণে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন পলতার বাসিন্দা তথা বিজেপি কর্মী সন্ন্যাসী দাসের পরিবার। পরে তারা বাড়ি ফিরতে চাইলে তাদের শর্ত দেওয়া হয়েছে যদি তারা তাদের ধর্ম পরিবর্তন করে মুসলমান হয় তবেই তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবে। স্থানীয় তৃণমূল নেতা নাজিবুর ও জাহাঙ্গির এই শর্ত তাদের উপর আরোপ করেছে বলে অভিযোগ। রাজনৈতিক হিংসার শিকার এই আশ্রয়হীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।

ডায়মন্ড হারবারের পলতার বাসিন্দা সন্ন্যাসী দাসের পরিবার বিজেপি সমর্থক হওয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তারা। বিধ্বংসী ঘূর্ণিঝড় যসের রাতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সন্ন্যাসী দাসের দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ বলে অভিযোগ। পরে সন্ন্যাসী বাবুকেও মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়। লক আপে থাকাকালীন তাদের উপর ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের বাড়ি ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন পরিবারের অন্য সদস্যরা। বাড়ি ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েন তারা। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ান বিজেপি নেতা দেবদত্ত মাজি।

সন্ন্যাসী দাসের পরিবারের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে‌ তাদের পাশে দাঁড়িয়েছেন দেবদত্ত মাজি। এই অসহায় পরিবারের যে আইনী ও আর্থিক সাহায্য প্রয়োজন হয়েছিল তার জন্য দুহাত বাড়িয়ে দেন এই বিজেপি নেতা। তার সহায়তাতেই সন্ন্যাসী দাস ও তার দুই ছেলে জেল থেকে বের হতে পেরেছেন।

কিন্তু এতোকিছুর পরেও তারা নিজেদের বাড়ি ফিরতে চাইলে ফিরতে পারেননি। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা নাজিবুর ও জাহাঙ্গির তাদের সামনে শর্ত রেখেছে যদি দাস পরিবার সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয় তবেই তারা বাড়ি ফিরতে পারবে। কিন্তু এই শর্ত তারা মেনে না নেওয়ার ফলে আজও তারা তাদের বাড়ি ফিরতে পারেননি।

তবে হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার একাধিক মামলায় সিবিআই তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে দেবদত্ত বাবু আশাবাদী এবার এই পরিবারও তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিকার পাবে ও নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *