পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আই এইচ ই)- এর উদ্যোগে “রিওয়্যার ইউর মাইন্ড এন্ড ব্রেন্ উইত নিউরো- ল্যাংগুইস্টিক প্রোগ্রামিং” শীর্ষক একটি তিন দিনের অনলাইন কর্মশালার উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের রঙ্গনাথন মেমোরিয়াল লেকচার হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার অনলাইন পর্ব চলবে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী বক্তব্যে তিনি মানুষের চিন্তা ও আবেগ কীভাবে আচরণ এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি নিউরোপ্লাস্টিসিটি, মন ও শরীরের পারস্পরিক সম্পর্ক এবং গাট- ব্রেন সংযোগের বিষয়টিও সংক্ষেপে তুলে ধরেন।

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দুর্গাশঙ্কর রথ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, আই এইচ ই- এর কো- অর্ডিনেটর অধ্যাপক ড. দীপক কুমার মিদ্যা এবং রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগের অধ্যাপক ড. যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
কর্মশালার কো-অর্ডিনেটর তথা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আজিমুদ্দিন সেখ কর্মশালার বিষয়বস্তু ও উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা, গবেষক এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। তিন দিনের এই কর্মশালায় ৯০ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।

