পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি কর্মী- সমর্থকদের উদ্যোগে শহরের কেরাণীটোলা মোড়ে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি আতশবাজি ফাটিয়ে উদযাপন করেন কর্মী- সমর্থকেরা। পথচলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে তাঁদেরও মিষ্টিমুখ করানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঞ্জন ঘোষ, চন্দন ঘোষ, বিথীকা চৌধুরী- সহ বিজেপির অন্যান্য কর্মী- সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে কেরাণীটোলা মোড়ে দলীয় কর্মী- সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
অন্যদিকে, অভিনব আয়োজনের মধ্যে দিয়ে মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে সিদ্ধিবিনায়ক ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে নরেন্দ্র মোদীর পছন্দের খাবার হিসেবে পরিচিত ঝালমুড়ি ও চা সহযোগে প্রদীপ প্রজ্বলনের কর্মসূচির আয়োজন করা হয়।

শুধু উদযাপনেই সীমাবদ্ধ না থেকে সামাজিক কর্মকাণ্ডেরও উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। শিশু ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। জন্মদিন উপলক্ষে এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধিবিনায়ক ট্রাস্টের সভাপতি শঙ্কর ঘোষ, সমাজসেবী সৌমেন তিওয়ারি, সমাজসেবী দেবাশীষ দাস- সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে মেদিনীপুর শহরে একদিকে রাজনৈতিক কর্মী- সমর্থকদের উদযাপন, অন্যদিকে সামাজিক পরিষেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি, দুই ধরনের আয়োজনই নজরে আসে।

