Marijuana, Kharagpur, খড়্গপুরে পুলিশের অভিযান, ৭৬ কেজির বেশি গাঁজা উদ্ধার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবার গোলবাজারের আজাদ বস্তি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৭৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের নাম ইফতেখার আহমেদ ওরফে সুকুবাবা, বাড়ি গোলবাজার আজাদ বস্তি এবং শেখ তাহিল হোসেন, বাড়ি কারোদিয়া ফালিয়ু, পোস্ট অফিস বাচকারিয়া, জেলা মহিসাগর, গুজরাট। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় দু’জন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

পুলিশের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর গোলবাজারের আজাদ বস্তি এলাকায় একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে গাঁজা ভর্তি চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয়। তল্লাশি ও বাজেয়াপ্তকরণের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় খড়্গপুর মহকুমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর উপস্থিতিতে নির্ধারিত আইন ও নিয়ম মেনে এলাকায় তল্লাশি চালানো হয়।

উদ্ধার হওয়া গাঁজার ওজন করা হলে মোট পরিমাণ দাঁড়ায় ৭৬ কেজি ৬২০ গ্রাম। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত গাঁজার প্যাকেটগুলি সিল ও লেবেল করে এ, বি, সি ও ডি হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি চামড়ার ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঘটনায় ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিকে, খড়্গপুর শহরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্যোগে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তাঁর নির্দেশে খড়্গপুর টাউন থানার আইসি অমিত মিত্রের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লাগাতার মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, মাদক পাচার ও বেআইনি কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *