কোচবিহারের সিতাইয়ে ২ বাংলাদেশী সহ ৩ গোরু পাচারকারী বিএসএফের গুলিতে নিহত

আমাদের ভারত, কোচবিহার, ১২ নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল তিন পাচারকারীর। কোচবিহার জেলার সিতাইয়ের সাতভাণ্ডারী বিএসএফ ক্যাম্প এলাকার ঘটনা। মৃতদের মধ্যে দু’জন বাংলাদেশি এবং একজন ভারতীয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার ভোরে কাঁটাতারের বেড়া পেরিয়ে গোরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন। সেই সময় তাদের থামতে বললে বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে বলে অভিযোগ। এরপরই পালটা গুলি চালায় বিএসএফ। গুলি লেগে মৃত্যু হয় তিনজনের। মৃত দু’জন বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। অপর একজনের নাম প্রকাশ বর্মন (৩৫), তার বাড়ি সিতাইয়ের চামটা এলাকায়।

এদিন ঘটনাস্থলে যান কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ, দিনহাটার এসডিপিও এবং সিতাই থানার আইসি। সিতাইয়ের বিধায়ক জয়দীশ বর্মা বসুনিয়া জানান, গোরু পাচারের সময় বিএসএফ গুলি চালায়। এতে তিনজনের মৃত্যু হয়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানান, সিতাইয়ে তিনজনের মৃত্যু হয়েছে। দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *