পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩ আহত ২০

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ নভেম্বর: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত তিনজন, আহত প্রায় কুড়িজন। চন্ডিপুর থানার ১১৬বি জাতীয় সড়কের নরঘাটে বাস ও সবজি বোঝাই পিকআপ ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরের দিক থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারকে ওভারটেক করার সময় পরপর দুটি গাড়িকে ধাক্কা দিয়ে শেষে সবজি বোঝাই পিকআপ ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ৩০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকি প্রায় ১৬ জনের মতো আহতকে প্রথমে চন্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে গুরুতর আহত ১১ জনকে তমলুকে জেলা হাসপাতাল পাঠানো হয়।


আহতদের জেলা হাসপাতালে আনার পরে চিকিৎসক প্রথমে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরো একজনকে আনাহলে তাকেও মৃত ঘোষণা করে। এই নিয়ে আজকের এই দুর্ঘটনায় মোট তিনজন মারা গিয়েছেন এবং তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আটজন। তার মধ্যে দুজন কে আবার কলকাতায় পাঠানো হয়েছে। তাদের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের পরিস্থিতি খতিয়ে দেখতে তমলুক জেলা হাসপাতালে আসেন অতিরিক্ত জেলা শাসক এবং তমলুক মহাকুমার পুলিশ আধিকারিক সহ একাধিক আধিকারিক।
দুর্ঘটনার জেরে ১১৬বি জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *