আমাদের ভারত, শিলিগুড়ি, ১৪ জুলাই: রাজ্য সহ শহর শিলিগুড়িতে টিকাকরণ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই অভিযোগে অবস্থান বিক্ষোভে সামিল হলো বিজেপির তিন বিধায়ক। বুধবার শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরের সামনেই তারা অবস্থান বিক্ষোভ করেন।
এদিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। সেখানেই হাজির ছিলেন বিজেপির তিন বিধায়ক শংকর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় ও আনন্দময় বর্মণ। তারাও সেখানে বসে বিক্ষোভ দেখান রাজ্য সরকারের বিরুদ্ধে। তারা করোনার ভুয়ো টিকাকরণ শিবিরগুলি বন্ধের দাবি তোলেন। পাশাপাশি ভুয়ো টিকাকরণ কান্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে যুক্ত আধিকারিকদের শাস্তিরও দাবি জানান।
বিক্ষোভ শেষে বিভিন্ন দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসককে একটি স্মারকলিপিও প্রদান করেন সংগঠনের সদস্যরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, সমগ্র রাজ্যজুড়ে করোনা টিকা নিয়ে দুর্নীতি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সকলের জন্য টিকার ব্যাবস্থা করছেন। তখন আমাদের রাজ্যে এমনকি শহরে টিকার দুর্নীতি চলছে। আসলে মনোনীত প্রশাসককে দিয়ে জোর করে শহর চালানো হচ্ছে। তাই টিকা সময়মত কেউ পাচ্ছে না।

