পদ্মশিবিরে গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া! দক্ষিণ দিনাজপুরে জেলা কার্যকারিনী সভায় অনুপস্থিত একাধিক মন্ডল সভাপতি

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ জুলাই: নির্বাচন শেষ হতেই নেতৃত্বদের মধ্যে মতানৈক্য। বিজেপির প্রথম জেলা কার্যকারিনী সভাতেই অনুপস্থিত একাধিক মন্ডল সভাপতি। বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা যায় হরিরামপুরের প্রার্থী তথা বিজেপি নেতা নীলাঞ্জন রায়কেও। যাকে ঘিরেই সামনে আসে দলের এক বিভাজনের চিত্র।

বুধবার দক্ষিণ দিনাজপুরে রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তির উপস্থিতিতে বালুরঘাট শহরের রেণুকা লজে আয়োজিত হয় জেলা কার্যকারিনী সভা। এদিন সভার শুরু থেকেই অনুপস্থিতি ছিলেন জেলার শহর এবং গ্রামীণ মণ্ডল এলাকার বেশকিছু সভাপতি। জেলার ২১ জন মন্ডল সভাপতির মধ্যে প্রায় ৭ জন মন্ডল সভাপতিই অনুপস্থিত ছিলেন। যাদের অধিকাংশই হরিরামপুর এবং কুশমন্ডি বিধানসভা এলাকার বলেই দলীয় সুত্রের খবর। অনুপস্থিত থাকতে দেখা যায় এবারের হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় কেও। নির্বাচনের পরে এই প্রথম জেলা কার্যকারিনী সভায় একঝাঁক নেতার অনুপস্থিতি সামনে এনেছে দলের কঙ্কালসার চেহারাকেই। যদিও এমন অনুপস্থিতির কারণ গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, শারীরিক অসুস্থতার কারণে অনেকেই উপস্থিত হতে পারেননি। নীলাঞ্জন রায়ের উপস্থিত হবার কথা থাকলেও বিশেষ কারণে তিনি হাজির হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *