অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ জুলাই: পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে এবার পথে শাসক দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুর শোনা গিয়েছে তাঁর গলায়। প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবুও কেন্দ্রের কোনও হুঁশ নেই বলে সরব হচ্ছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। এবার প্রতিবাদের পথে বিনপুর-২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও গোপীবল্লভপুর ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার শিলদা চন্দ্র শেখর কলেজ থেকে সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করে বাজার পর্যন্ত আসেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের হাতে ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্লাকার্ড পোস্টার। মুখে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান।
অন্যদিকে গোপীবল্লভপুর ২ নং ব্লকের শিবানন্দপুর পেট্রোল পাম্পে গণ সাক্ষর সংগ্রহ করতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এদিন শিলদাতে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ ও সহ সভাপতি অনুনয় ভট্টাচার্য। শুধু পেট্রোল, ডিজেলের দামই নয়, রান্নার গ্যাসের দামও আকাশ ছোঁয়া। বিক্ষোভকারীরা তারও প্রতিবাদে সোচ্চার হন।
তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলা সভাপতি আর্য ঘোষ বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার ব্যর্থ। শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদে সামিল হচ্ছি। অবিলম্বে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকানোর পথে কেন্দ্র না হাঁটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।

