ডেবরায় জলে ডুবে মৃত্যু এক শিশুর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুলাই: বাড়ির সামনে খেলার সময় সংলগ্ন পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। নাম আকাশ বাল্মীকি (৬)।
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গ্রাম বালিচকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম বালিচকের বাসিন্দা বাপি বাল্মীকির ৬ বৎসরের শিশুপুত্র বাড়ির উঠোনে খেলা করার সময় সবার নজর এড়িয়ে বাড়ির সামনের একটি পুকুরে নেমে ডুবে যায়।সেই সময় শিশুটির মা বাড়ির কাজ করছিলেন এবং বাবা কাজের সূত্রে বাইরে ছিলেন। বেশ কিছক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন মা। খবর পেয়ে  প্রতিবেশীরাও ছুটে আসেন। চারিদিক তন্ন তন্ন করে খোঁজা হয়। অবশেষে খোঁজ শুরু হয় পুকুরে। প্রতিবেশী এক যুবক কিছুক্ষণ তাল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার করে শিশুটির দেহ। 

এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শিশুটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডেবরা থানার পুলিশ এসে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *