আমাদের ভারত, ১০ আগস্ট: মহরমের ‘অত্যাচার’-এর প্রতিবাদে সরব হলেন বিজেপি’র তিন নেতা নেত্রী। ভিডিও এবং ছবির মাধ্যমে তাঁরা এই প্রতিবাদ জানিয়েছেন।
বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বুধবার একটি ছবি-সহ লিখেছেন, “শান্তিদূতদের অত্যাচার! এগরা বাসস্ট্যান্ডে মহরম উদযাপন চলছে রাস্তায় পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির করুণ প্রদর্শন!”
অপর একটি ছবি-সহ তিনি লিখেছেন, “এভাবেই মহরমের জন্য সরিষার স্থানীয় মন্দিরগুলিকে ব্যারিকেড করা হয়েছিল। এটি ডায়মন্ড হারবার মডেল! যেখানে প্রতিদিন হিন্দুদের ওপর হামলা হচ্ছে এবং মন্দির ভাঙ্গা হচ্ছে।” ছবিতে দেখা যাচ্ছে সরিষার নবগ্রহ কালী মন্দিরের মূল ফটক বাঁশ দিয়ে আটকানো। সামনের রাস্তাতেও বাঁশের ব্যারিকেড।
এর আগে বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ভিডিও-সহ লিখেছেন, “পশ্চিমবঙ্গ রাজ্যের আইন ব্যবস্থা হল তোষণের আইন! অস্ত্র উচিয়ে মহরম পালিত হচ্ছে। অন্যদিকে শিবভক্তরা ডিজে বাজালে তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বিশেষ শ্রেণির জন্য কোন আইন লাগু হয় না। এ যেন মুঘল আমলের শাসন ব্যবস্থা। বাবা ভোলানাথের দয়ায় খুব শিগগির এই সরকারের পতন ঘটবে।“
ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি লিখেছেন, “আমরা কোন রাজ্যে বসবাস করছি? তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের সভাপতি হাতে অস্ত্র তুলে নিয়েছে শহর শিলিগুড়ির বুকে, শেষ পর্যন্ত তাহলে এই দিনও দেখতে হচ্ছে আমাদের, কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? এর সঠিক তদন্ত শুরু হবার দরকার।“

