পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার টুকুরিয়াপাট গ্রামে।
জানা গিয়েছে, মৃত স্বামীর নাম অশোক কোলা। বয়স আনুমানিক ৪৩ বছর। স্ত্রী কেকা কোলা, বয়স আনুমানিক ৩৮ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার সেরে বাড়ির ভেতর শুয়ে পড়ে স্বামী এবং স্ত্রী। বুধবার সকাল বেলায় কপাট খুলতেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্ত্রীর। অন্যদিকে বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে ওই দুই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করে।
তবে পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান দেনার দায়ে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বামী। তার জন্যই হয়তো এই ঘটনা। জানা গিয়েছে তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নেমে এসেছে শোখের ছায়া।

