নয়াগ্রামের পাতিনা এলাকায় চাষের জমিতে হাতির দল, ফসলের ক্ষতির আশঙ্কা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১০ আগস্ট: বুধবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী পাতিনা গ্রামে আচমকা চলে আসে একদল হাতি। হাতির দলটি চাষের জমিতে গিয়ে তান্ডব শুরু করে। গ্রামবাসীরা হাতির দলটিকে ধান চাষের জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু যেভাবে হাতির দলটি ধান জমিতে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে হাতির দলটি মাঠ থেকে যাতে লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেছে গ্রামবাসীরা।

কয়েকদিন ধরে ওই এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। বারবার বন দফতরকে জানানো সত্বেও হাতির দলটিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যার ফলে বন দফতরের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বুধবার পাতিনা গ্রামে হাতির দল ঢুকে পড়ায় গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় হাতির দলটিকে ধান জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বন দফতরের কর্মীরা। কিন্তু যেভাবে হাতির দলটি মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন পাতিনা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা।

একদিকে বৃষ্টি তারই মাঝে হাতির দল চলে আসায় বিপাকে পড়েছেন পাতিনা গ্রামের বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *