চাকরির আশায় নকল মাইন পেতে মাওবাদী সাজার চেষ্টায় শালবনিতে গ্রেফতার তিন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: সরকারি চাকরি পাওয়ার জন্য নকল মাইন পুঁতে রাখার অভিযোগে শালবনি থানার রঞ্জা ও জয়পুর এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানান, জঙ্গলে নকল মাইন পুঁতে নিজেদের মাওবাদী প্রতিপন্ন করে স্থানীয় এই ৩ দুষ্কৃতী মাওবাদী পুনর্বাসন প্যাকেজের অন্তর্ভুক্ত  হয়ে সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছিল। 
 
গত ৬ এপ্রিল শালবনি  থানার পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের রঞ্জার জঙ্গলে একটি কার্লভাটের তলা থেকে বারুদ ভর্তি একটি পাইপের টুকরো উদ্ধার হয়। একদা মাওবাদী উপদ্রুত ওই এলাকায় পৌঁছে বম্ব স্কোয়াড বস্তুটি উদ্ধার করার পর নিষ্ক্রীয় করে। পুলিশ নমুনা সংগ্ৰহ করে পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানোর পর জানা যায় ধাতব পাইপের মধ্যে চকলেট বোমের বারুদ ঠাসা ছিল। এরপরই পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। মাওবাদী ধারায় মামলা না থাকলেও জঙ্গলমহলে নিজেদের মাওবাদী হিসেবে তুলে ধরতে মরিয়া একটি অংশ বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলে ‘আমরা মাওবাদী’ নামে মিটিং করে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পুনর্বাসন প্যাকেজ না পেলে তারা ফের মাওবাদী কার্যকলাপ শুরু করে নাশকতার দিনগুলিতে ফিরে যাবেন।

যদিও পুলিশের বক্তব্য কারও দাবির পরিপ্রেক্ষিতে নয়, পুলিশের খাতায় আগে থেকে মাওবাদী ধারায় যাদের মামলা ও অভিযোগ রয়েছে তাদের পুনর্বাসন দিচ্ছে সরকার। রঞ্জার জঙ্গলে যারা নকল মাইন পুঁতে গ্রেফতার হয়েছে তারা এভাবে নিজেদের মাওবাদী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *