অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১২ এপ্রিল: স্ব-সহায়ক দলের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে টাকা আদায়, স্বনির্ভর গোষ্ঠীকে সরকারি সুযোগ-সুবিধা বন্টনে স্বজন পোষনের অভিযোগ তুলে সংঘ নেত্রীর বিরুদ্ধে ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্ব-সহায়ক দলের মহিলারা। মঙ্গলবারের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিস চত্বরে।
ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের স্ব-সহায়ক আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, অঞ্চলের সরস্বতী সংঘের সভানেত্রী সুষমা ঘোষ দলগুলোর কাছ থেকে লোন পাশ হলে নিয়মবহির্ভূত ভাবে ৫০০ টাকা করে আদায় করেন।যার কোনো প্রকার রসিদ দেন না। সরকারি বিভিন্ন ট্রেনিং কিংবা হাঁস মুরগি এলে বিতরণ ক্ষেত্রে স্বজন পোষন করেন সংঘ নেত্রী বলে অভিযোগ তোলেন আলমপুর ৬ নম্বর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাই এদিন সংঘ নেত্রী সুষমা ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে প্রায় শতাধিক মহিলা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে এসে বিক্ষোভ দেখান এবং বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
তবে আলমপুর অঞ্চলের সরস্বতী সংঘের নেত্রী সুষমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘের ২০১৭ সালের লিখিত রেজুলেশন অনুযায়ী দলগুলোর কাছ থেকে টাকা আদায় করা হত অঞ্চলের সামাজিক কাজে সহায়তা করার জন্য। সেভাবে বিভিন্ন সামাজিক কাজে যা খরচ করা হয়েছে তার হিসাবও আছে। তবে ২০০-র বেশি দল থাকলেও এই টাকা দিয়েছে মাত্র ১৫ থেকে ১৬ টি দল। তবে যেহেতু প্রতিবাদ উঠছে তাহলে আগামী দিনে কোনো টাকা দাবি করা হবে না বলে জানান সংঘ নেত্রী সুষমা ঘোষ। পাশাপাশি তিনি বলেন, সুযোগ সুবিধা বিলি বন্টনের ক্ষেত্রে নেত্রী সিদ্ধান্ত নেন না। অঞ্চলের তিনটি সিএসপি যা নির্ধারণ করে তার ভিত্তিতে কাজ হয়।

