আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ এপ্রিল: বোমাবাজি, বোমা উদ্ধার ভাটপাড়া পৌর এলাকার নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। এবার এই বোমা মজুত ও বোমা উদ্ধারের ঘটনায় তদন্তে আসলো এনআইএ তদন্তকারী দল।
গত ১২ মার্চ ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিংয়ের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা এবং ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। প্রায় ৫০ টি বোমা উদ্ধার করা হয়েছিল। সেই দিন বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন যে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সারারাত ওই বোমা এবং পিস্তল নিয়ে গোটা এলাকায় দাপাদাপি করেছে কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে তৃণমূল নেতা নমিত সিং। এই ঘটনায় জগদ্দল থানার পুলিশের পাশাপাশি এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন সাংসদ।

এরপরই আজ ৪ সদস্যের এনআইএ’র প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে আসে তদন্তের জন্য। তদন্তকারী আধিকারিকরা এদিন ১৮ নম্বর ওয়ার্ডের যেখান থেকে বোমা উদ্ধার হয় সেই জায়গার আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়ির লোকেদের জিজ্ঞেসাবাদ করে। সেই সঙ্গে কাউন্সিলর সুনিতা সিংয়ের পরিত্যক্ত ওই বাড়িটির ভেতরে গিয়ে ছবি তোলেনতদন্ত কারী আধিকারিকরা। এদিন এনআইএ তদন্তকারী দলের সাথেই জগদ্দল থানার তদন্তকারী আধিকারিকরা আসেন। তবে এদিন এই তদন্ত সম্পর্কে কোনো কথা বলেননি এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা।

