মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেড মার্ক রোজ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটবে রাজ্যে, কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১২ এপ্রিল: মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেড মার্ক হলো প্রতিদিন রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটবে। এভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন সুকান্ত মজুমদার।

বালুরঘাটে সাংবাদিক বৈঠকে, রাজ্যে একের পর এক ধর্ষণ, খুনের ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ফের দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। কটাক্ষের সুরে তিনি বলেন, “আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি তার ইঙ্গিত হলো প্রতিদিন রাজ্যে খুন- ধর্ষণের মতো ঘটনা ঘটা”। তার কথায়, “রাজ্যের মুখ্যমন্ত্রীর তথা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ট্রেড মার্ক রয়েছে, সেটা হলো প্রতিদিন এই রাজ্যে খুন ধর্ষন হওয়া।”

এর আগে টুইটারে হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় সরব হতে দেখা গেছে সুকান্ত মজুমদারকে।

হাঁসখালিতে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করার পর দেহ দাহ করে দেওয়া নিয়ে যখন নিন্দার ঝড় উঠেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। তিনি প্রশ্ন তুলেছেন নির্যাতিতা গর্ভবতী ছিলেন কিনা? কেন পাঁচ দিন পর অভিযোগ দায়ের হলো? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায়, “এর চেয়ে লজ্জার আর কী বা হতে পারে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করছেন? নদিয়ার হাঁসখালীতে একটি নাবালিকার ধর্ষণের ঘটনাকে মুখ্যমন্ত্রী তুচ্ছ মনে করছেন কারণ ওই ধর্ষক তাঁর দল তৃণমূল কংগ্রেস নেতার ছেলে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *