স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ ফেব্রুয়ারি: শান্তিপুরে কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত।

উল্লেখ্য, শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার রতন বিশ্বাস প্রতিদিনের মতোই শান্তিপুর থানার বেলডাঙা মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডিউটিতে ছিলেন। বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। তখনই রাজু দেবনাথ, সুমন মজুমদার এবং অভিজিৎ ঘোষ নামে তিন মদ্যপ যুবকের সাথে ওই সিভিক ভলান্টিয়ারের কথা কাটাকাটি হয়। তৎক্ষণাৎ অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও কুড়ি মিনিট পর দলবল নিয়ে আবারো ওই সিভিক ভলান্টিয়ারের কাছে এসে পৌঁছায়। কোনো কথা না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বেধড়ক মারতে থাকে সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাসকে। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা।

পরে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহত সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। আগামীকাল তাদের রানাঘাট মহাকুমা আদালতে পাঠানো হবে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে।

