সাথী দাস, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলে চেনা ছন্দ দেখা গিয়েছে আজ। উৎসাহের সঙ্গে মুখে মাস্ক পরে স্কুলে আসে ছাত্র ছাত্রীরা। উন্মুখ শিক্ষার্থীদের স্কুল চত্বরে সহপাঠীদের ফিরে পাওয়ার উচ্ছ্বাস দেখা গেল। পঞ্চম শ্রেণিতে স্কুলে এসেছিল, প্রায় দু’বছর পর অষ্টম শ্রেণিতে উঠে স্কুলে এল। যার জন্য খুশিতে আত্মহারা পুরুলিয়ার সুনেহা পরভিন, রিয়া চক্রবর্তীর মতো অনেকের। পুরুলিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সেই চেনা ছবি দেখা গিয়েছে আজ।

পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন স্কুলে রীতি মতো ঘণ্টা বাজল। তার পরই সমবেত প্রার্থনায় ছাত্রদের সঙ্গে অংশ নিলেন শিক্ষক ও শিক্ষা কর্মীরাও। অষ্টম শ্রেণির এক ছাত্রের কথায়, “প্রায় দুই বছর পর স্কুলের ঘন্টা বাজল। প্রার্থনা হল। উদ্বুদ্ধ ছাত্ররা। স্বমহিমায় স্কুলে শিক্ষার্থীদের মুখ এক সঙ্গে দেখতে পেয়ে পরিতৃপ্ত হন শিক্ষকরা। পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলে কোভিড বিধি মেনেই পঠন পাঠন হতে দেখা গিয়েছে।


