রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটের দিন জানালো রাজ্য নির্বাচন কমিশন

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের দিন জানালো রাজ্যের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে এক দফায় ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। কমিশন জানিয়েছে, আজ থেকেই আদর্শ আচরণবিধির লাগু হয়ে যাচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও। ৯ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন গ্রহণ। ১০ তারিখ হবে মনোনয়ন পত্র পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া।

আদালতের নির্দেশ মেনে দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে না। ৮ মার্চেরর মধ্যে পুরভোট সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে।

তবে ভোট গণনার দিন এখনো জানানো হয়নি। জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। তার পরে ভোট গণনার দিন চূড়ান্ত হবে। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস।

রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে পুরভোটের প্রচারের বিধি নিষেধ অনেকটা শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ানো হতে পারে দৈনিক ভোট প্রচারে সময়সীমাও। বর্তমানে ভোট গ্রহণের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হচ্ছে। এবার সেই সময়সীমা কমানো হতে পারে। বুধবারের সর্বদল বৈঠকে এই বিষয়ে আর্জি জানিয়েছিল সব রাজনৈতিক দল। সেই আর্জি আজ সন্ধ্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে পর্যালোচনা হবে বলে জানিয়েছেন সৌরভ দাস। তবে ইতিমধ্যেই কিছুটা শিথিল করা হয়েছে প্রচার বিধি। পুরো ভোটের প্রচারে ছোট ছোট জনসভা করা যাবে। এই জনসভায় এতদিন ২৫০ জন জমায়েত করতে পারত। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫০০ করেছে কমিশন। বিজেপির তরফে একই দিনে সব কটি পুরসভার ফল প্রকাশের দাবি জানানো হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *