সাথী দাস, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: জঙ্গলমহলের পুরুলিয়া জেলা থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাসিন্দারা। মাওবাদীদের নতুন করে অস্তিত্ব জানান দেওয়ার মধ্যেই দেশের পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের জন্য এই রাজ্যের জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী তোলা শুরু করেছে কেন্দ্রীয় সরকার বলে জানা গিয়েছে। ভোটের জন্য এই রাজ্য থেকে মোট ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নিচ্ছে কেন্দ্র। এই ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানি সিআরপি। বাকি ১ কোম্পানি অবশ্য আরপিএফ বলে জানা গিয়েছে। ৯ কোম্পানি সিআরপির মধ্যে পুরুলিয়া জেলা থেকে মোট তিন কোম্পানি, ঝাড়গ্রাম থেকে চার, বাঁকুড়া থেকে এক এবং বীরভূম থেকে এক কোম্পানি তুলে নেওয়া হচ্ছে বলে খবর। এই রাজ্যের কলকাতা, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল মিলিয়ে মোট ৩৩ কোম্পানি সিআরপি রয়েছে। যার মধ্যে শুধু জঙ্গলমহলেই রয়েছে ২৭ কোম্পানি। সেখান থেকে এই ভোটের জন্য ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হল। আগামী ১৪ ফেব্রুয়ারি জঙ্গলমহল থেকে আরও ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে পাঞ্জাবে পাঠানোর কথা রয়েছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরের মতো পাঁচটি রাজ্যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে প্রায় এক মাস ধরে এই ভোট প্রক্রিয়া চলবে। ভোট পর্ব চলাকালীন মাওবাদী মোকাবিলায় জঙ্গলমহলে মাত্র ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোটের প্রয়োজনে বাহিনী সরানো হতে পারে সেখান থেকেও বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাল স্পেশাল ট্রেনে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুরুলিয়ার আদ্রা স্টেশন থেকে রওনা দিয়েছে উত্তর প্রদেশের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, এবার সাধারণতন্ত্র দিবসে বাঁকুড়া ও পুরুলিয়া— জঙ্গলমহলের দু’টি জেলায় মাওবাদীদের সক্রিয় উপস্থিতি নজরে এসেছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে জঙ্গলমহলের মতো অতি স্পর্শকাতর জেলা কার্যত ফাঁকা করে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ায় উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাও নাশকতা মোকাবিলায় পুরুলিয়া জেলায় ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। মুরগুমা, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প ও কুমারীকানন থেকে আপাতত তুলে নেওয়া হয়েছে এই তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। পুরুলিয়ার জঙ্গলমহলে মাওবাদীদের রুখতেই এই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি পুরুলিয়া জঙ্গলমহলের বরাবাজার, বান্দোয়ান, বলরামপুর এলাকাতে মাওবাদীদের গতিবিধি নজরে আসছে। এখনে মোতায়েন রয়েছে পুরুলিয়ার জঙ্গলমহলে ৭ কোম্পানি সি আর পি এফ ও ১ কোম্পানি কোবরা বাহিনী। জঙ্গলমহলের বাসিন্দারা চাইছেন, কেন্দ্র বাহিনী যেন না তুলে নেওয়া হয়। বাঘমুন্ডির শালডেবরা গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত গোপ বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকাতে আমরা নিশ্চিত ছিলাম। এখন আর যেন বাকিদের না সরানো হয়।” ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা সুইসার বাসিন্দা সত্যবান গোপ বলেন, “মাওবাদীদের ভয় দেখা দেবে। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী আবার মোতায়েন করা হোক।”

