ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা বামেদের, পিছিয়ে তৃণমূল- বিজেপি- কংগ্রেস

সাথী দাস, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: দেওয়ালে নয়, প্রার্থী তালিকা ঘোষণা করে দলের কর্মী সমর্থকদের এগিয়ে রাখার চেষ্টা করল পুরুলিয়া জেলা বামফ্রন্ট। আজ সিপিএমের পুরুলিয়া জেলা সদর কার্যালয় থেকে বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় পুরুলিয়া পুরসভার ২৩ টি ওয়ার্ড, রঘুনাথপুরের ১৩ টি এবং ঝালদার ১২ টি ওয়ার্ডের প্রার্থীদের সম্পূর্ণ নাম না থাকলেও বামফ্রন্টের দাবি, শীঘ্রই সেই নাম ঘোষণা করা হবে বলে জানান প্রদীপ রায়। তালিকায় অবশ্য বেশ কিছু পুরনো মুখ রয়েছে।

এদিকে দেওয়াল লিখনে এগিয়ে থাকলেও তালিকা ঘোষণা না হওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে সঙ্গে স্বঘোষিত দাবিদার প্রার্থীদের মধ্যে রাতের ঘুম হারিয়ে যাওয়ার জোগাড় হয়েছে। বিজেপির তালিকা দুই দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানান জেলা সভাপতি বিবেক রাঙা।

এদিকে, রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন হতে চলেছে আগামী ২৭ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। মনোনয়ন তোলার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ইতিমধ্যে এই বিজ্ঞপ্তির কপি রাজ্যের সমস্ত জেলার পুর নির্বাচনী আধিকারিক এবং জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়াতেও জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জোর তৎপরতা দেখা দিয়েছে। জেলা নির্বাচন দফতর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ। বিভিন্ন সেলে চলছে প্রয়োজনীয় কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *