আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৮ এপ্রিল: “এবার বিজেপিকে ভোট দেওয়ার মজাই আলাদা। বীরভূমের মাটিতে পদ্মফুলের বোতাম টিপবেন, আর ঝটকা লেগে হার্ট এট্যাক হবে পাকিস্তান ও বাংলাদেশের।” শনিবার ময়ূরেশ্বর বিধানসভার বীরচন্দ্রপুরে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে দলের একাংশ বাঘ বলে সম্বোধন করেন। সুকান্ত মজুমদার অনুব্রতর নাম না নিয়ে বলেন, “যারা বিজেপি করেন তাঁরাই আসল বাঘ। কারণ তাঁরা তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে চোখে চোখ রেখে স্রোতের বিপরীতে লড়াই করছেন। যারা স্রোতের উল্টো দিকে নৌক চালায় তারাই বাপের ব্যাটা। আর যারা এতদিন নিজেদের বাঘ মনে করতেন তারা এখন বেড়ালে পরিণত হয়েছে। তাই নকল বাঘদের দেখে ভয় পাবেন না। ভোটের পর আর তাদের খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া আমার কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী ৭৫ হাজার লাঠি কিনেছে। আমি বলব ওই লাঠি তৃণমূল নেতাদের পিঠে ভাঙ্গুন। তাই বলছি তৃণমূল নেতারা এখনো সাবধান হয়ে যাও। না হলে বিজেপির সরকার গঠনের পর এই পুলিশই উল্টো করে ঝুলিয়ে তোমাদের সোজা করবে।”
এদিন সুকান্ত মজুমদারের সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল, দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামপদ মণ্ডল।

