আমাদের ভারত, ১৮ এপ্রিল: ভোটের দিন কোথাও কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। শনিবার ভার্চুয়াল বৈঠকে সে কথা আরো একবার স্পষ্ট করে মনে করিয়ে দিলেন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। ভোটের দিন কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনরকম গাফিলতি হলে ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।
সিইও মনোজ জানান, ভোটের দিন কোন এলাকায় কোন অস্ত্র বোমা গুলি উদ্ধার হলে সংশ্লিষ্ট থানার ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তা না হলে কড়া পদক্ষেপ করবে কমিশন। এছাড়াও কত ভোটের অশান্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যায়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন আধিকারিক।
জেলায় জেলায় দাগি অপরাধীদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। যাদের বিরুদ্ধে আগেই হিংসার মামলা রয়েছে, ভোটে যাতে তারা নতুন করে অশান্তি ছড়াতে না পারে সেদিকে নজর রাখতে হবে। অবাধ সুষ্ঠু ভোট করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।
আগামী ২৩ এপ্রিল রাজ্য প্রথম দফার ভোট। হাতে মাত্র পাঁচ দিন। এই আবহে প্রথম দফার আসন ধরে ধরে পুলিশকে খুঁটিনাটি পাঠ দিতে ভার্চুয়াল বৈঠক করে কমিশন। শনিবার ১৬ জেলার এসপি,সিপিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগারওয়াল বলেন, ভোটে অশান্তি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পুলিশকে। প্রথম দফা ভোটে চল্লিশ হাজারেরও বেশি রাজ্য পুলিশকে নজরদারি চালানোর দায়িত্ব দিয়েছে কমিশন।
সূত্রের খবর, শান্তিপূর্ণ ভোট করাতে প্রতিটি বুথে কড়া নজরে রাখবে কমিশনের সিসি ক্যামেরা, কিন্তু ভোটের দিন কি ভূমিকা থাকবে পুলিশের? আসন ধরে ধরে সেই সব নির্দেশ বলে দিতে বৈঠক হয়েছে শনিবার। কমিশনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পুলিশ জেলার এসপি, সিপিরা উপস্থিত ছিলেন।

