Suvendu, BJP, দুর্নীতিবাজ তৃণমূল সরকারের পতন নিশ্চিত: শুভেন্দু

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ এপ্রিল: অপশাসন, চুরি, দুর্নীতিবাজ তৃণমূল সরকারের পতন এবার নিশ্চিত। ২০১৬-তে তিন, ২০২১- এ ৭৭, আর ২০২৬- এ ১৭৭ আসন হবে বিজেপির। আর রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই ছ’ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠিত হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চোর, দুর্নীতিবাজ পঞ্চায়েতের অবসান ঘটিয়ে স্বচ্ছ পঞ্চায়েত হবে। প্রতিশ্রুতি দিয়ে গেলাম।

আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে দলীয় প্রার্থী দিবাকর ঘরামীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি— “সকলের পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ হবে, তাই দরকার বিজেপির সরকার, বেকারদের কাজ চাই তাই, বিজেপি সরকার, একশো দিনের ফের কাজ চাই, বিশ্বকর্মা যোজনার রূপায়ণ চাই, আলুর নায্য দাম চাই তাই বিজেপি সরকার।” এদিনের সভায় তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৃণমূল ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন, দিদি বুঝে গেছেন এবার যাবার সময় হয়ে গেছে, তাই দু’দিন আগে ইসলামপুরের জনসভায় বলেছেন, আবার যদি ফিরে আসি, কিন্তু তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। দিদি আর ফিরে আসছেন না এটা নিশ্চিত। জনসভার দিকে তাকালেই বোঝা যায়। সিভিক পুলিশদের সাদা পোষাকে এনে সভা ভরাতে হচ্ছে, বিশাল মঞ্চ আছে, দামি লাউড স্পিকার আছে, এলইডি স্ক্রিন আছে, কিছু দালাল, চোর আছে, কিন্তু সভায় লোক নেই। আর মোদীজির সভা দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে।

এদিন সোনামুখীতে ব্যাপক জনসমক্ষে দাড়িয়ে বলেন, আপনারা দিবাকর ঘরামীকে দেখেছেন, তাঁর কোনও পরিবর্তন হয়েছে? হয়নি। এই পাঁচ বছরে তার উপর কত অত্যাচার হয়েছে সেটাও জানেন। গত পাঁচ বছরে তার এলাকার উন্নয়নের জন্য মাত্র ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করে তৃণমূল সরকার। ওই টাকায় এতবড় এলাকায় কতটুকু উন্নয়ন করা সম্ভব? আগামী ৪মে দুপুরের পর পট পরিবর্তন হবে। বিজেপি সরকার গঠন হবে। আর আপনার এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার বরাদ্দ হবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন
শালতোড়ায় দলীয় প্রার্থী চন্দনা বাউড়ির সমর্থনেও সভা করেন তিনি। এদিন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ভবানীপুরেও মুখ্যমন্ত্রী হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিন টানা প্রচার চালাবেন। ভবানীপুর প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, তিনি তো ভবানীপুরের বাসিন্দা, টানা সাতদিন প্রচার ক‍রতে হবে কেন? ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা তুলতেই তিনি বলেন, শেখ সুফিয়ান বোমাবাজি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *