রাজেন রায়, কলকাতা, ১৩ জানুয়ারি: কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ভোট দেওয়ার জন্য এবার বিশেষ ব্যবস্থা রাজ্য নির্বাচন কমিশনের। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে এক বিশেষ নির্দেশিকা।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কনটেলমেন্ট জোনের ভোট দাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা থাকবে। একই সঙ্গে ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরাও।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, ভোটগ্রহণের শেষ ১ ঘণ্টায় অর্থাৎ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা। বুধবারের নির্দেশিকায় জানানো হয়েছে, ওই সময় ভোট দিতে পারবেন কনটেনমেন্ট জোনের বাসিন্দারাও। নোডাল স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে তারা ভোট দেবেন।
পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনা করে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চার পুরসভার জন্য এখনও পর্যন্ত মোট ১২,৫০০ জন ভোট কর্মী নেওয়া হয়েছে। এদের মধ্যে ৯,৫০০ জন ভোট কর্মী বুথে থাকবে। বাকি ৩০০০ কর্মীকে রিজার্ভ হিসেবে রাখা হবে। শেষ মুহূর্তে ভোটকর্মীরা কেউ কোভিড পজিটিভ হলে এদেরকে ব্যবহার করা হবে। তবে দেখার বিষয় আগামী ২২ শে জানুয়ারি এই চার পুরসভার নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে কতটা সক্ষম হয় রাজ্য নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে এই পুরভোট রাজ্য নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন সকলে।

