আমাদের ভারত, রামপুরহাট, ২৭ জুলাই: এবার তারাপীঠে কৌষিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ- রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অমাবস্যার আগে সমস্ত পরিকল্পনা দেখতে মুখ্যমন্ত্রী তারাপীঠে আসবেন বলে জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।
সোমবার তারাপীঠ- রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠক বসে। সেখানে অতিরিক্ত জেলা শাসককে চেয়ারম্যান এবং মহকুমা শাসককে ভাইস চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমন্ত্রিত সদস্য করা হয়েছে রামপুরহাট এবং ময়ূরেশ্বরের বিধায়ক ধ্রুব সাহা এবং দুধকুমার মণ্ডলকে। এছাড়াও মন্দির কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও স্বরূপরতন সিনহা এবং শান্তনু মণ্ডল নামে দুই বিজেপি নেতাকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
দুধকুমার মণ্ডল বলেন, “তারাপীঠের পরিষেবা আরও বাড়ানোর উদ্দেশ্যে সভা ডাকা হয়েছিল। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে গত বছরের কৌষিকী অমাবস্যার খরচের হিসাব চাওয়া হয়েছে।”
ধ্রুব সাহা বলেন, “কৌষিকী অমাবস্যায় তারকেশ্বরের মতো হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। তীর্থযাত্রীদের জন্য সেবা ক্যাম্প খোলা হবে। মুখ্যমন্ত্রী সেই ক্যাম্পের উদ্বোধন করতে আসবেন। আমরা কৌষিকী অমাবস্যায় তীর্থযাত্রীদের আরও উন্নত পরিষেবা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আরও কয়েকটি বৈঠক ডেকে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।”

